লখিমপুর খেরির গোলা গোরক্ষনাথ বিধানসভা কেন্দ্র নিজের দখলেই রাখল বিজেপি

নয়াদিল্লি , ৬ নভেম্বর (হি.স.) : এবার উত্তর প্রদেশের গোলা গোরক্ষনাথ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে লখিমপুর খেরি থেকে জিতল বিজেপি। বিজেপির বিরুদ্ধে সমাজবাদী পার্টির বিনয় তিওয়ারি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। পদ্মফুল ৩০ হাজারের বেশি ভোটে এখানে জয়ী হয়েছে।

২০১৭ সালে গোলা গোরক্ষনাথ দখলে নিয়েছিল গেরুয়া শিবির। এরপর ২০২২ সালের ভোটেও জেতে বিজেপি। সেপ্টেম্বরে বিজেপি বিধায়ক অরবিন্দ গিরি মারা গেলে আসনটি ফাঁকা হয়ে যায়। প্রয়াত অরবিন্দ গিরির ছেলে অমন গিরি এই কেন্দ্রে প্রার্থী হন এবং জয়ী হয়েছেন।
এই উপনির্বাচনে আসন নিজেদের দখলে রাখতে বিজেপি জোরদার প্রচার চালিয়েছিল। এমনকী অমনের হয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে মাঠে নেমেছিলেন। অমন গিরি জানিয়েছেন, এই জয় তাঁর বাবার। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নীতি এবং শাসনের উপরও যে মানুষ ভরসা রেখেছেন তা আবার প্রমাণিত হল বলে তিনি মনে করেন।