নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ প্রকাশ্য দিবালোকে এলাকার সালিশি সভার মধ্যে এক নাবালিকাকে মারধর এবং সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল করার মতো ন্যাক্কার জনক ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামুড়াবাসী৷ ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে৷ দাবি উঠেছে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক৷তেলিয়ামুড়া থানাধীন ছনলং এলাকার এক উপজাতি নাবালিকার সঙ্গে তুইসিন্দ্রাই বাড়ি এলাকার দুই সন্তানের জনকের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের অভিযোগ উঠে৷ আর এই ঘটনাকে ঘিরেই গত বুধবার ২রা নভেম্বর হাওয়াইবাড়ি এলাকার প্রধান সহ এলাকার একাংশ শাসক দলীয় নেতাদের উপস্থিতিতে নাবালিকার বাড়িতে বসানো হয় সালিশি সভা৷ আর এই সালিশি সভা চলাকালীন সময়েই এলাকার এক টি.এস.আর জওয়ান নাবালিকা কন্যাটিকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে আনে৷ তখন ওই টি.এস.আর জওয়ান তথা বিশ্বজিৎ দেববর্মা সহ এলাকার মহিলা পুরুষ একত্রিত হয়ে নাবালিকার উপর হামলে পড়ে, বেধড়ক প্রহার করে৷ এবং সেই ঘটনাটি মোবাইলে ক্যামেরা বন্দি করে সেই অভিযুক্ত টি.এস.আর জওয়ান বিশ্বজিৎ দেববর্মার পুত্র, সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় বলে অভিযোগ এলাকা সূত্রে৷পরবর্তীতে ঘটনাটি বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়ার সাংবাদিকদের নজরে আসলে ঘটনাটি পুলিশকে অবগত করে৷ কালবিলম্ব না করে তেলিয়ামুড়া থানার পুলিশ ওই নির্যাতিত নাবালিকার বাড়িতে ছুটে যান৷ এবং তদন্তে নেমে পড়ে৷ এদিকে নির্ভরযোগ্য সূত্র মারফত খবর এই নাবালিকার সঙ্গে নেক্কারজনক ঘটনাটি যেন তার পরিবার কোন ভাবেই যেন মুখ না খুলে সে কারণে এলাকা থেকে পরিবারের উপর বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে৷
2022-11-04

