বহুজন সমাজ পার্টির মিছিলে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান, আটক দুই ব্যক্তি

আজমগড়, ৪ নভেম্বর (হি.স.) : বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র কিছু পদাধিকারী রাস্তায় পাকিস্তান জিন্দাবাদের স্লোগান তুলেছিল, যার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ এই ভিডিওটিকে গুরুত্বের সঙ্গে নিয়ে এর সত্যতা যাচাই করতে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় দুজনকে আটকও করেছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার বহুজন সমাজ পার্টির মাসিক সভা অনুষ্ঠিত হয়, যাতে নগর পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়। এই সভায় বিপুল সংখ্যক বিএসপি দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সভায় নবগঠিত নগর পঞ্চায়েত জাহানাগঞ্জের চেয়ারম্যান পদের প্রার্থী পাপ্পু খান তার শতাধিক সমর্থক নিয়ে উপস্থিত ছিলেন। সভা শেষে চেয়ারম্যান পদপ্রার্থী তাদের সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন সড়ক দিয়ে যাচ্ছিলেন। সেসময় সমর্থকরা দলের পতাকা হাতে নিয়ে পাকিস্তান জিন্দাবাদের স্লোগানও দিচ্ছিল বলে অভিযোগ। যার ভিডিও শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পাকিস্তান জিন্দাবাদের ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ মহলে তোলপাড়। প্রাথমিক তদন্ত শেষে চেয়ারম্যান পদের প্রার্থী ও এক সমর্থককে আটক করেছে পুলিশ।

পুলিশ সুপার অনুরাগ আর্য জানান, আপত্তিকর স্লোগান দেওয়ার বিষয়টি নজরে এসেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পাপ্পু খানের সমর্থনে একটি সভা আয়োজন করা হয়েছিল, তাকে আটক করা হয়েছে। অন্যদিকে স্লোগান তোলা খুরশিদ আহমেদ ওরফে শিবলি পেহলওয়ানকেও গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত করা হচ্ছে।