পাথারকান্দি (অসম), ৩ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অধীন সোনাখিরা পুলিশ চেকগেটে প্রায় চার কোটি টাকার হেরোইন উদ্ধার করেছেন অভিযানকারীরা। এর সঙ্গে একটি অল্টো কার ও তার চালক এবং এক পাচারকারী সহ দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।
গত ৩১ আগস্ট সন্ধ্যায় করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পার্থপ্রতিম দাসের নেতৃত্বে আসিমগঞ্জে বাজেয়াপ্ত হয়েছিল প্রায় পাঁচ কোটি টাকার হেরোইন। এর পর তিনদিনের মাথায় গতকাল সন্ধ্যারাতে ফের প্রায় পাঁচ কোটি টাকার হেরোইন ধরা পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এএসপি পার্থপ্রতিম দাসের নেতৃত্বে পাথারকান্দি থানার অন্তর্গত সোনাখিরা পুলিশ চেকগেটে অভিযান চালানো হয়।
এএসপি পার্থপ্রতিম জানান, জেলার নিলামবাজার থেকে এএস ১০ ইসি ৯০৩২ নম্বরের একটি অল্টো কার পাথারকান্দির সোনাখিরা পুলিশ চেক গেট পেরিয়ে উত্তর ত্রিপুরার কদমতলায় যাওয়ার চেষ্টা করবে বলে আগাম খবর পেয়েছিলেন তিনি। ওই তথ্যের সূত্রে গাড়িটিকে সোনাখিরায় ব্য়ারিকেড লাগিয়ে আটকে দেন গেট ইনচার্জ সুখেস দাস। এর আগে নিলামবাজার থেকে মাদকবাহী গাড়িটির পিছু ধাওয়া করে সাদা পেশাকে দলবল নিয়ে অকুস্থলে পৌঁছেন তিনি। তাঁর উপস্থিতিতে অল্টো গাড়িতে তল্লাশি চালিয়ে ডালমিয়া সিমেন্টের ব্য়াগে মোড়া ৩৭টি সাবানের কেসে ৫০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্তকৃত হেরোইনগুলির বাজারমূল্য প্রায় চার কোটি টাকা হবে বলে জানিয়েছেন এএসপি দাস।
তিনি জানান, এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে স্থানীয় জুড়বাড়ি গ্রামের প্রয়াত আহমদ হুসেনের ছেলে পাচারকারী জামিল আহমেদ (২৪) এবং মৈনা এলাকার আতানগর গ্রামের হুসেন আহমেদের ছেলে গাড়ি চালক আহমদ হুসেন (২৩)-কে। ড্রাগস সহ ধৃতদের পাথারকান্দি থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ধৃত উভয়কে করিমগঞ্জের বিচারবিভাগীয় আদালতে সোপর্দ করা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস।

