গান্ধীনগর, ৩ নভেম্বর (হি.স.): গুজরাটের গান্ধীনগরে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে পৌরোহিত্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। গুরুত্বপূর্ণ এই বৈঠকে বিজেপির অনেক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েই এদিন হয়েছে আলোচনা, এমনটাই বিজেপি সূত্রে জানা গিয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি প্রার্থীদের নাম চূড়ান্ত করতেই তিন দিনের এই বৈঠক চলছে। বৃহস্পতিবার প্রথম দিনে ১৩টি জেলা জুড়ে ৪৭টি বিধানসভা আসনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করছে সংসদীয় বোর্ড। সিদ্ধান্ত নেওয়া নামগুলি চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের সামনে রাখা হবে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্য বিজেপি সভাপতি সিআর পাটিল এবং রাজ্য সংসদীয় বোর্ডের সদস্যরা বৈঠকে যোগ দিয়েছেন।

