নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে ভারতীয় দল, অনুপস্থিত ৫ তারকা

সিডনি, ২৫ অক্টোবর (হি. স.) : সিডনিতে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার আগে সতর্ক ভারতীয় দল । অপেক্ষাকৃত সহজ দলের বিরুদ্ধে নামার আগেও কোনও গা ঢিলে ভাব নয়। শুরু করে দিল নেদারল্যান্ডস ম্যাচের আগে জোরদার প্রস্তুতি। তবে পাক দলের বিরুদ্ধে খেলা পাঁচ ক্রিকেটারকে দেখা গেল না অনুশীলনে। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার এবং আর্শদীপ সিংহ-কে অনুশীলনে দেখা যায়নি। তারা বিশ্রাম নিয়েছেন। শোনা যাচ্ছে, হার্দিককে নেদারল্যান্ডস ম্যাচে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মেলবোর্ন থেকে সিডনি পৌঁছে মঙ্গলবারই প্রথম অনুশীলনে করে টিম ইন্ডিয়া। এ দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টিম ইন্ডিয়ার ঐচ্ছিক প্রশিক্ষণ ছিল। সেই অনুশীলনে অংশ নেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, যুজবেন্দ্র চাহালরা।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে রান পাননি ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। এ দিন অবশ্য নেটে চেনা ছন্দেই পাওয়া গেল ভারত অধিনায়ককে, বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ড্রাইভও মারলেন। তাঁর মতোই পুরোদমে প্রস্তুতি চালালেন রাহুলও। ডাচদের বিরুদ্ধে ওপেনিং জুটিতে বড় রান তোলার লক্ষ্যে অনুশীলনে সিরিয়াস ছিলেন দু’জনেই। এমন কী পাকিস্তান ম্যাচে জয়ের নায়ক বিরাট কোহলিও নেটে দীর্ঘক্ষণ প্র্যাকটিস করলেন। বোলার থেকে ব্যাটার, যাঁরাই এ দিনের অনুশীলনে হাজির ছিলেন, তাঁরা সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দিলেন।

নেট অনুশীলনের সময় দেখা গিয়েছে রাহুল এবং দীনেশ কার্তিক মিলে রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহালের বোলিং সামলাচ্ছেন। ডাচদের বিরুদ্ধে এই স্পিন জুটিতেই আস্থা রাখতে পারে বিশ্বের ১ নম্বর টি-টোয়েন্টি টিম। কোহলির সঙ্গে কার্তিক এ দিন থ্রো ডাউন প্র্যাকটিসেও অংশ নিয়েছিলেন।

তবে পাকিস্তানের বিরুদ্ধে রোমহর্ষক জয়ের পর যাতে দলের মধ্যে আত্মতুষ্টি না আসে, তার জন্য সতর্ক টিম ম্যানেজমেন্ট। তাই দিওয়ালিতে কোনও রকম বাড়তি সেলিব্রেশন বা উচ্ছ্বাসের ধারপাশ দিয়ে যায়নি ভারতীয় দল। যাতে ফোকাস নষ্ট না হয়। পাকিস্তানকে হারানোর পর টিম মিটিংয়েও স্পষ্ট করে দেওয়া হয়েছিল, বড় করে দিওয়ালি সেলিব্রেট করা হবে না।