মুম্বই, ১৪ সেপ্টেম্বর (হি.স.): রাতভর একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল মুম্বইয়ের বিস্তীর্ণ এলাকা। মুম্বইয়ের সিওন এলাকা জলের তলায় চলে যায়, তবে বৃষ্টি থামতেই বুধবার সকাল থেকেই জল নামতে শুরু করে। রাতভর বৃষ্টি হলেও, মুম্বইয়ে বিঘ্নিত হয়নি ট্রেন ও বাস পরিষেবা। সারারাত বৃষ্টি হলেও এদিন সকালে রোদের দেখা মেলে মুম্বইয়ে, মাঝেমধ্যে আবার আকাশ মেঘে ঢেকে যায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা মুম্বই ও শহরতলিতে সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতে মুম্বই শহরে ভারী বর্ষণ হয়, সিওনের মতো কিছু নীচু এলাকায় প্লাবিত হয়ে যায়, তবে সকালে বৃষ্টির তীব্রতা হ্রাস পাওয়ার পরে জল কমে যাওয়ায় সমস্যাটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে ৪১.২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

