কলকাতা, ১০ সেপ্টেম্বর (হি.স.): এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টিই হতে পারে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের কোথাও নেই। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই সময়ে উত্তাল থাকতে পারে সমুদ্র, তাই ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
শনিবার কলকাতার তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা এদিন থাকতে পারে ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বৃষ্টি না হওয়া পর্যন্ত মহানগরীতে আপাতত তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। এদিন সকাল হতে না হতেই রোদের তেজ সহ্য করতে হয়েছে কলকাতা ও লাগোয়া জেলার বাসিন্দাদের, ঝকঝকে ছিল নীল আকাশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার কোথাও কোথাও বৃষ্টি হওয়ার কারণে গরম একটু কম মালুম হয়েছে।

