পৃথিবীতে প্রাণের ধারাবাহিকতা নির্ভর করে সমুদ্রের সম্পদ সংরক্ষণের উপর : ভূপেন্দ্র যাদব

ভুবনেশ্বর, ১০ সেপ্টেম্বর (হি.স.): পৃথিবীতে প্রাণের ধারাবাহিকতা নির্ভর করে সমুদ্রের সম্পদ সংরক্ষণের উপর। বললেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। শনিবার ওডিশার ভুবনেশ্বরে ভারতের টেকসই উপকূল ব্যবস্থাপনা বিষয়ক দু’দিনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করার পর জলবায়ু পরিবর্তনের ঝুঁকির পরিপ্রেক্ষিতে উপকূলীয় স্থিতিস্থাপকতা, সামুদ্রিক জীব-বৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু প্রশমনের উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।

জলবায়ু পরিবর্তন আমাদের জীবনে সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে এ কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষার জন্য ও মহাসাগরকে দূষণমুক্ত করতে আমাদের নিজেদেরকে অঙ্গীকার করতে হবে। তিনি উপস্থিত সবাইকে স্মরণ করিয়ে দেন যে সমুদ্র আমাদের জাতীয় নৈতিকতার প্রায় প্রতিটি ক্ষেত্রেই গভীর ছাপ ফেলেছে- তা ধর্ম, বিজ্ঞান, শিল্প ও সাহিত্য হোক। উল্লেখ্য, দুই দিনের জাতীয় সম্মেলনে দেশের ১৩টি উপকূলীয় রাজ্য থেকে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন, এছাড়াও অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বক্তব্য রাখেন।