আগরতলা, ৯ জুলাই৷৷ সাম্প্রতিক বৃষ্টিপাতে রাজ্যের বিভিন্ন স্থানে কৃষি জমিতে জল জমে যাওয়ায় কৃষকদের ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে৷ ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদানের জন্য জোরালো দাবি উঠেছে৷ বৃষ্টিপাতের ফলে কৃষি জমিতে জল জমে কৃষকদের ফসল মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ ক্ষতিগ্রস্ত কৃষকরা এখনো পর্যন্ত সরকারিভাবে কোন ধরনের আর্থিক সাহায্য পায়নি৷ তাতে কৃষকরা আরো অসহায় হয়ে পড়েছেন৷ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য রাজ্য সরকার এবং কৃষি দপ্তরের কাছে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা৷ গত কয়েকদিন ব্যাপক ঝড়-বৃষ্টিতে উদয়পুর মহকুমার টেপানিয়া ছাতারিয়া এলাকার কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে৷
ছাতারিয়া এলাকার কৃষক সন্তোষ দাস জানান, গত বেশ কিছুদিন ধরে সারা রাজ্যের সঙ্গে উদয়পুর মহকুমারও ব্যাপক ঝড় ও বৃষ্টি হয়েছে৷ ফলে ছাতারিয়া এলাকায় বেশ কয়েকশো কৃষকের জমির ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে৷ এলাকাটি এমনিতেই কৃষি প্রধান এলাকা বলে পরিচিত৷ কৃষক সন্তোষ দাস জানান উনার জমিতে এবং পাশের জমিতে কৃষকরা মরিচ, কারকল, ঝিঙ্গা, করলা, চালকুমর সহ অন্যান্য সবজির প্রচুর ক্ষতি হয়েছে৷
রাজ্য সরকারের এক আধিকারিক একদিনের জন্য এলাকা পরিদর্শনে গেলেও কৃষকদের সাথে কোন কথা হয়নি৷ কৃষকরা রাজ্য সরকারের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে রাজ্য সরকার যেন কৃষকদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়৷ যাতে করে কৃষকরা আবার জমিতে কৃষিজাত ফসল উৎপাদন করে বেঁচে থাকতে পারে৷ এই আবেদন রেখেছেন ছাতারিয়া এলাকার কৃষকরা৷ জল জমে কৃষি জমির ফসল নষ্ট হয়ে যাওয়া কৃষকদের আর্থিক সাহায্যের জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে ওইসব কৃষকরা জীবন জীবিকা নিয়ে জটিল সমস্যার সম্মুখীন হবে৷ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

