Sudip Barman : সুদীপ বর্মনের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবী জানিয়ে থানায় অভিযোগ কংগ্রেসের

আগরতলা, ১৯ জুন৷৷ অভয়নগর এলাকায় সুদীপ রায় বর্মনের উপর হামলার প্রতিবাদে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল এবং পূর্ব থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর সুদীপ রায় বর্মন এর উপর হামলার ঘটনায় জড়িত ১৮ জনের নাম উল্লেখ করে সোমবার আগরতলা পূর্ব থানা সুনির্দিষ্ট মামলা দায়ের করেছে কংগ্রেস৷

এদিন কংগ্রেসের রাজ্য ইনচার্জ অজয় কুমার, প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পূর্ব থানার সামনে গিয়ে সমবেত হন৷ সেখান থেকে এক প্রতিনিধি দল পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ দায়ের করেন৷

পূর্ব থানায় মামলা দায়ের প্রসঙ্গে কংগ্রেসের রাজ্য ইনচার্জ অজয় কুমার বলেন, রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরীর নেতৃত্বে সুদীপ রায় বর্মন এর উপর এই হামলা সংঘটিত হয়েছে৷ বিজেপির অপর বিধায়ক সুধাংশু দাস সহ ১৮ জনের নাম তাদের কাছে রয়েছে৷ অভিযুক্তদের নাম উল্লেখ করে পূর্ব থানায় এফআইআর করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ৷

কংগ্রেসের রাজ্য ইনচার্জ অজয় কুমার বলেন, বিজেপি দল নির্বাচনে পরাজিত হওয়ার আশঙ্কা থেকেই কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনকে গতকাল রাতে অভয়নগরে প্রাণঘাতী হামলা চালিয়েছে৷ বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আশীষ সাহার ওপরও হামলা সংগঠিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়৷কংগ্রেস নেতা অজয় কুমার আরো বলেন, বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শোচনীয়ভাবে পরাজিত হবেন৷ পরাজয়ের আশঙ্কাতেই কংগ্রেস দলের প্রার্থী ও নেতাকর্মীদের ওপর হামলা সংগঠিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন৷ সুদীপ রায় বর্মনের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস৷ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করার জন্য দাবি জানানো হয়েছে৷