Encounter: অনুপ্রবেশ রুখে দিল সুরক্ষা বাহিনী, কুপওয়ারায় এনকাউন্টারে নিকেশ ৩ লস্কর জঙ্গি

শ্রীনগর, ২৬ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশের চেষ্টা ফের রুখে দিল সুরক্ষা বাহিনী। কুপওয়ারা জেলার জুমাগুন্ড গ্রামে এনকাউন্টারে নিকেশ হয়েছে ৩ জন সন্ত্রাসবাদী, নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য ছিল বলে জানা গিয়েছে। এনকাউন্টারস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সুরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার সকালে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, কুপওয়ারার জুমাগুন্ড গ্রামে সন্ত্রাসীদের অনুপ্রবেশের প্রচেষ্টার একটি নির্দিষ্ট ইনপুটের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সুরক্ষা বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে অভিযান চালানোর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গুলির লড়াই। প্রথমে খবর পাওয়া যায় একজন জঙ্গি নিকেশ হয়েছে। পরে কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) বিজয় কুমার জানান, নিকেশ হয়েছে ৩ সন্ত্রাসবাদ, সকলেই লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য ছিল। নিহত জঙ্গিদের নাম জানার চেষ্টা চলছে। আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে এনকাউন্টারস্থল থেকে।