নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি. স.): বায়ুসেনা কমান্ডারদের সম্মেলনের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার ভারতীয় বায়ুসেনার সদর দফতর দিল্লির বায়ু ভবনে বায়ুসেনা কমান্ডারদের সম্মেলনের উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট, প্রতিরক্ষা সচিব ডঃ অজয় কুমার, ভারতীয় বায়ুসেনার এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী ও ভারতীয় বায়ুসেনার সিনিয়র কমান্ডাররা।
এই সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি টুইটারের মাধ্যমে জানিয়েছেন, বায়ু ভবনে বায়ুসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণ দিয়েছি এবং প্রস্তুতি, আসন্ন চ্যালেঞ্জ এবং সামনের কাজগুলির বিষয়ে আমার চিন্তাভাবনা ভাগ করে নিয়েছি। সম্মেলনে আলোচিত বিষয়গুলি তাৎপর্যপূর্ণ, প্রাসঙ্গিক ছিল।

