নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.): ভারতে দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা ফের এক হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে, শেষ ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যাও কিছুটা বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১,০৮৬ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ৭১ জন রোগীর। ভারতে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ০.২৩ শতাংশ।
মঙ্গলবার সারাদিনে ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ১,১৮,৭১-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৮৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৩ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১৫ লক্ষ ৪৯ হাজার ৬৯৯ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ১,৮৫,০৪,১১,৫৬৯ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৭১ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২১,৪৮৭ জন (১.২১ শতাংশ)। মঙ্গলবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১,১৯৮ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৪,৯৭,৫৬৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৬ শতাংশ।

