Covid Vaccine: টিকাকরণে নয়া মাইলফলকে ভারতে, দেশে ১৮২.২৩-কোটি টিকাদান সম্পন্ন

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। ভারতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৮২.২৩-কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩১ লক্ষ ৮১ হাজার ৮০৯ জন প্রাপক। ফলে ভারতে ১৮২.২৩-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৮২,২৩,৩০,৩৫৬ জনকে টিকা দেওয়া হয়েছে।

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৭৮.৪৯-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৩ মার্চ সারা দিনে ভারতে ৬,৬১,৯৫৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৮,৪৯,৫২,৮০০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ৬,৬১,৯৫৪ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৮ জন।