আগরতলা, ১১ জানুয়ারি : আগরতলা শহর এলাকার বাজার হাট, দোকানপাটে করোণা বিধি কঠোরভাবে লাগু করার জন্য তৎপরতা শুরু করেছে সদর মহকুমা প্রশাসন। সদর মহকুমা শাসক অসীম সাহার নেতৃত্বে প্রশাসনের এক প্রতিনিধি দল মঙ্গলবার লেইক চৌমুহনী বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে মার্চেন্ট এসোসিয়েশনের কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সদর মহকুমা শাসক অসীম সাহা প্রত্যেকের কাছে অনুরোধ জানিয়েছেন তাঁরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরিধান করে ব্যবসা করেন। বিক্রেতাদের প্রত্যেকে এই কঠোর বিধি নিষেধ মান্য করেন। সে দিকে নজর দেওয়ার জন্য তিনি আবেদন জানান।
শুধু লেইক চৌমুহনী বাজারে নয়, আগরতলা শহর এলাকার সবকটি বাজারে এ ধরনের বিধি-নিষেধ আরোপ করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। সদর এসডিএম বলেন, সাম্প্রতিক কালে রাজ্যে করোণা সংক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যা খুবই উদ্বেগজনক। করোণা সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে নিজেদেরকে সচেতন হতে হবে। একমাত্র সচেতনতার মাধ্যমেই করোনার ভয়াবহতা থেকে নিজেদের রক্ষা করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, লেইক চৌমুহনী বাজার সহ অন্যান্য বাজারগুলিতে দূরত্ব বজায় রাখার লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে ক্রেতাদের জন্য দাগ কেটে দেওয়া হয়েছে। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তাদের পণ্য সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে। প্রশাসনের এই নির্দেশ অমান্য করা হলে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান সদর মহকুমা প্রশাসক। ইতিমধ্যেই শহর এলাকার সর্বত্র মাইকযোগে সচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে। বিভিন্ন স্থানে প্রশাসনের তরফ থেকে মাক্স সচেতনতা অভিযান চালিয়ে জরিমানা আদায় শুরু হয়েছে।

