আইনি লড়াইয়ে জিতলেন জোকোভিচ, বন্দিদশা থেকে মুক্তির নির্দেশ বিচারপতির

মেলবোর্ন, ১০ জানুয়ারি (হি.স.): আইনি লড়াইয়ে জিতে গেলেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা নোভাক জোকোভিচ। সোমবার শুনানির পর অস্ট্রেলিয়ার বিচারপতি নির্দেশ দিয়েছেন, বন্দিদশা থেকে মুক্তি দেওয়া হোক জোকোভিচকে। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির শুরুতেই ফেডারেল সার্কিট কোর্টের বিচারক অ্যান্থনি কেলি জানান, এক জন অধ্যাপক ও এক স্বীকৃত চিকিৎসকের কাছ থেকে নিজের স্বাস্থ্যের শংসাপত্র নিয়ে এসেছেন জোকোভিচ। তিনি এর থেকে বেশি আর কী করতে পারেন। বিচারকের এই মন্তব্যে কিছুটা আশার আলো দেখেন জোকোভিচ। পাশাপাশি বিচারপতি জানতে চান, অস্ট্রেলিয়ার কঠোর মহামারী প্রবেশের প্রয়োজনীয়তা পূরণের জন্য নোভাক জোকোভিচ আরও কী কী করতে পারতেন। শেষে শুনানির পর জোকোভিচকে বন্দিদশা থেকে মুক্তির নির্দেশে দিয়েছেন অস্ট্রেলিয়ার বিচারপতি।

উল্লেখ্য, গত বুধবার অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে পা রাখেন জোকোভিচ। কিন্তু তার পরেই তাঁর ভিসা নিয়ে তৈরি হয় জটিলতা। সার্বিয়ার তারকার ভিসার আবেদনপত্রে ‘ভুল’ থাকায় তাঁকে বিমানবন্দর থেকে বেরনোর অনুমতি দেওয়া হয়নি। কোভিড প্রতিষেধক টিকা না নিয়ে বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র জোকোভিচ কী ভাবে পেলেন তার কোনও স্পষ্ট জবাব নাকি তিনি দিতে পারেননি। গত শনিবারই টেনিস তারকার আইনজীবীরা ৩৫ পাতার আবেদন আদালতে পেশ করেন।