তিনটি অভিযোগে দোষীসাব্যস্ত, সু চি-র আরও ৪ বছরের কারাদণ্ড

নেপিদ, ১০ জানুয়ারি (হি.স.): মায়ানমারের জুন্টা আদালত তিনটি অভিযোগে দোষীসাব্যস্ত করেছে অং সান সু চিকে। আরও চার বছরের কারাদণ্ড হয়েছে সু চি-র। অবৈধভাবে আমদানি, লাইসেন্সবিহীন ওয়াকি-টকি রাখা-সহ বেশ কয়েকটি অভিযোগে তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে। ওয়াকি-টকি রেখে রফতানি-আমদানি আইন লঙ্ঘন এবং সিগন্যাল জ্যামার বসানোর দায়ে তাঁকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। দু’টি শাস্তি একই সঙ্গে চলবে।

এর আগে করোনা-সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে গত ডিসেম্বরে তাঁকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে তা কমিয়ে দুই বছর করা হয়। ৭৬ বছর বয়সী নোবেল বিজয়ী সু চি-র বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা বিচারাধীন। সবগুলির রায় হলে তাঁর ১০০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে। তবে নিজের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সু চি।