কলকাতা, ১০ জানুয়ারি (হি. স.) : প্রতিদিনই কলকাতা পুলিশে করোনায় আক্রান্তের খবর আসছে। সোমবার নতুন করে তথ্য সামনে এসেছে যে কলকাতা পুলিশের ১২জন আইপিএস আধিকারিক সহ সর্বমোট ৪৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
জানা গিয়েছে, কলকাতা পুলিশের বাহিনীতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫০। বাহিনীর কিছু আইপিএস আধিকারিক ও ৮৭জন কর্মী তথা আধিকারিক নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এমন অনেকেই আছেন যারা দ্বিতীয় বা তৃতীয়বার যেমন কোভিডে আক্রান্ত হয়েছেন তেমনি অনেকেরই টিকার ২টি ডোজও হয়ে গিয়েছে। তারপরেও তাঁরা আক্রান্ত হয়েছেন করোনায়। শহর রক্ষার ভার যাঁদের কাঁধে সেই পুলিশ কর্মীদের ওপর করোনার এই মুহুর্মুহু থাবা উদ্বেগে রেখেছে শহরবাসীকেও। প্রথম সারির করোনা যোদ্ধা হিসাবে পুলিশকর্মী ও আধিকারিকেরা নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। প্রতিনিয়তই বাড়ির বাইরে বেরিয়ে তাঁরা আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে চলেছেন। রাজ্য সরকারও সিদ্ধান্তে বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রেও পুলিশকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

