শ্রীনগর, ২৫ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে সুরক্ষা বাহিনীর অভিযানে ফের নিকেশ সন্ত্রাসবাদী। এবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে দু’জন অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার চৌগাম এলাকার ঘটনা। নিহত জঙ্গিদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।
কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার চৌগাম এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পাওয়ার পর শনিবার ভোররাত থেকেই ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে তাই চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়। এরপর শুরু হয় গুলির লড়াই, গুলিবিদ্ধ হয়ে দু’জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে। এনকাউন্টার শেষে ওই স্থান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

