কলকাতা, ২৪ ডিসেম্বর (হি.স.): তারাতলা-বজবজগামী সম্প্রীতি উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারল একটি বাস। শুক্রবারের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একটি শিশু-সহ তিন জনের। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা দেয়, তাতে গুরুতর জখম হন তিন জন বাইক আরোহী। আহতদের দ্রুত বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মৃত ঘোষণা করা হয়।
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত বাইকটি বজবজের দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি বাসের সঙ্গে বাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পাওয়ার ঘটনাস্থলে যায় মহেশতলা থানার পুলিশ। এই উড়ালপুল বাস ও মোটরবাইক কীভাবে উঠল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

