জল্পনাই সত্যি হল, মমতা ও অভিষেকের উপস্থিতিতে তৃণমূলে গোয়ার অ্যালেইক্সো

কলকাতা, ২১ ডিসেম্বর (হি.স.): গোয়ায় ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেন্‌কো। মঙ্গলবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেন্‌কো। সোমবারই গোয়া প্রদেশ কংগ্রেস থেকে পদত্যাগ করেন বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেন্‌কো। এর পর গোয়া থেকে সোজা কলকাতা এসে পৌঁছন এই সদ্য প্রাক্তন এই বিধায়ক। তারপর থেকেই জল্পনা চলছিল গোয়ার এই বিধায়ক তৃণমূলে যোগ দিতে পারেন, মঙ্গলবার সেই জল্পনাই সত্যি হল।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেন্‌কো। তৃণমূলের পক্ষ থেকে কয়েকটি ছবি টুইট করে জানানো হয়েছে, মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিয়েছেন অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেন্‌কো। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইট করে তৃণমূল নেত্রী জানিয়েছেন, “অ্যালেইক্সো রেজিনাল্ডো লোরেন্‌কোকে স্বাগত জানাচ্ছি। তাঁর মতো সৎ উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তি, জনগণের স্বার্থ যাঁদের কাছে সর্বাগ্রে, তাঁরা বিভাজনকারী শক্তির বিরুদ্ধে এই লড়াইয়ে আমাদের চেতনাকে শক্তিশালী করুন!”