Narendra Modi: রবিবার গোয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, ঠাসা কর্মসূচি রয়েছে মোদীর

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): রবিবার, ১৯ ডিসেম্বর গোয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে গোয়া মুক্তি দিবস উদযাপন উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী৷ অনুষ্ঠানে তিনি ‘অপারেশন বিজয়’-এর স্বাধীনতা সংগ্রামী ও প্রবীণ সৈনিকদের সংবর্ধনা দেবেন। এছাড়াও আরও অনেক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-এর পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, ১৯ ডিসেম্বর গোয়ায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তার মধ্যে রয়েছে-নতুন করে সংস্কার করা ফোর্ট আগুয়াদা জেল মিউজিয়াম, গোয়া মেডিকেল কলেজ প্রাঙ্গনে সুপার স্পেশালিটি ব্লক, নিউ সাউথ গোয়া জেলা হাসপাতাল, মোপা বিমানবন্দরে এভিয়েশন স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং ডাবোলিম-নাভেলিমে গ্যাস-ইনসুলেটেড সাবস্টেশন। পিএমও জানিয়েছে, প্রধানমন্ত্রী গোয়াতে বার কাউন্সিল অফ ইন্ডিয়া ট্রাস্টের ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ লিগ্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন।