মৌ (উত্তর প্রদেশ), ১৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মৌ জেলায় সমাজবাদী পার্টি (সপা)-র জাতীয় সম্পাদক রাজীব রাইয়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর। শনিবার সকালে রাজীবের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের একটি দল, ওই দল রাজীবের বাড়িতে তল্লাশি চালায়। আয়কর দফতরের এই অভিযানের প্রেক্ষিতে রাজীব রাই বলেছেন, “এটা আয়কর দফতর। আমার বিরুদ্ধে কোনও ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড অথবা কালো টাকা নেই। আমি মানুষকে সাহায্য করি এবং সরকার এটা পছন্দ করেনি। এটা তারই ফল। আপনি যদি কিছু করেন, তাঁরা একটি ভিডিও তৈরি করবে, একটি এফআইআর নথিভুক্ত করবে, আপনাকে অকারণে মামলা লড়তে হবে।”সূত্রের খবর, রাজীব রাই ছাড়াও সমাজবাদী পার্টির কয়েকজন ঘনিষ্ঠের বাড়িতেও এদিন তল্লাশি চালিয়েছে আয়কর দফতর। উত্তর প্রদেশের বিভিন্ন ঠিকানায় সপা-র নেতাদের বাড়িতে এদিন সকাল থেকেই তল্লাশি চালানো হয়। মৈনপুরীতে আরসিএল গ্রুপ প্রোমোটার মনোজ যাদবের বাড়ি ও অন্যান্য ঠিকানাতেও তল্লাশি চালায় আয়কর দফতর।
2021-12-18

