আগরতলা, ১৪ ডিসেম্বর : রানীর বাজারের বৃদ্ধি নগর বিওসি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ সাহা। উদ্বেগের বিষয় হল, রাজ্যে পথদুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোথাও-না-কোথাও পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে।
মঙ্গলবার রানীর বাজার থানা এলাকার বৃদ্ধি নগর বিওসি সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম বিশ্বজিৎ সাহা। তিনি প্রাণ কোম্পানিতে কাজ করতেন। কাজ সেরে বাড়ি ফেরার পথে সাড়ে আটটা নাগাদ একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। খবর পাঠানো হয় আহত যুবকের বাড়িতেও। দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত যুবকের বাড়ি রানীর বাজারের দেবীনগর এলাকায় বলে জানিয়েছেন তার এক নিকট আত্মীয়। রানীর বাজার থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ময়নাতদন্তের পর মৃত দেহটি তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর মৃতদেহ দেবীনগর এলাকায় বাড়ি পৌছাতেই জনমনে শোকের ছায়া নেমে আসে।


















