নয়াদিল্লি, ১৪ ডিসেম্বর (হি.স.) : করোনা আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ব্রিটিশ টেনিস তারকা এমা রাডুকানু। ফলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না তিনি । আবু ধাবিতে ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত টুর্নামেন্টে হেভিওয়েট ম্যাচে রাডুকানুর অলিম্পিক্স সিঙ্গেলস গোল্ড বিজেতা বেলিন্ডা বেনচিচের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে করোনায় আক্রান্ত হওয়ায় টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলে তিনি।
১৯ বছর বয়সী টেনিস তারকা জানান, ‘আমি আবু ধাবিতে দর্শকভর্তি স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে ছিলাম। তবে দুর্ভাগ্যবশত আমি করোনা আক্রান্ত হওয়ায় পরবর্তী সুযোগ অবধি এর জন্য অপেক্ষাই করতে হবে। করোনাবিধি মেনে আমি নিভৃতবাসে রয়েছি এবং আশা করছি শ্রীঘ্রই সুস্থ হয়ে আবার কোর্টে ফিরব।’
রাডুকানুর পরিবর্তে শেষ মুহূর্তে অন্য কোনো শীর্ষস্তরের মহিলা টেনিস তারকাকে টুর্নামেন্টে আনার চেষ্টা করছেন উদ্যোক্তারা।
প্রথম কোয়ালিফায়ার হিসেবে মেজর জিতে আমেরিকার মাটিতে সেপ্টেম্বরেই ইতিহাস সৃষ্টি করেছিলেন এমা রাডুকানু। তবে স্বপ্নের বছরের শেষটা মনমতো করতে পারছেন না যুক্তরাষ্ট্র ওপেন জয়ী তরুণী।

