মেক্সিকো সিটি, ১০ ডিসেম্বর (হি.স.): মেক্সিকোতে দেওয়াল ধাক্কা মেরে উল্টে গেল পরিযায়ী বোঝাই একটি ট্রাক। ট্রাক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৩ জন পরিযায়ীর। পরিযায়ীরা ওই ট্রাকে লুকিয়ে ছিলেন, তাঁদের গন্তব্য ছিল আমেরিকা। স্থানীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় শহর চিয়াপাসে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫৪ জন।
সিভিল প্রটেকশন ডিরেক্টর লুইস ম্যানুয়েল গার্সিয়া জানিয়েছেন, হতাহতদের অধিকাংশ গুয়েতেমালার বাসিন্দা। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চিয়াপা ডি করজো শহরের সঙ্গে টুক্সতলা গুতেরেজ সংযোগকারী হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি। এরপর ট্রাকের চালক পালিয়ে যায়। দেওয়ালে ধাক্কা মারার পর উল্টে যায় ট্রাকটি। মৃত্যু হয় ৫৩ জনের। আহত হয়েছেন ৫৪ জন, তাঁদের মধ্যে ৩ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

