uninterrupted power supply and service : ত্রিপুরায় উন্নতমানের ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিষেবাকে নির্ভরযোগ্য করে তোলাই সরকারের প্রাথমিকতা : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট।। ত্রিপুরায় উন্নতমানের ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিষেবাকে নির্ভরযোগ্য করে তোলাই রাজ্য সরকারের প্রাথমিকতা। আজ কুমারঘাট ও ধর্মনগরে বিদ্যুতের সাব স্টেশন উদ্বোধন করে দৃঢ় প্রত্যয়ের সুরে এ-কথা বলেন ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী তথা বিদ্যুত মন্ত্রী জিষ্ণু দেব্বর্মা।


এদিন কুমারঘাট বিদ্যুৎ সাবডিভিশন কমপ্লেক্সে আজ ৩৩/১১ কেভি পাওয়ার সাব স্টেশনের উদ্বোধন করে তিনি বলেন, মানুষের কাছে নিরবিচ্ছিন্ন উচ্চমানের বিদ্যুৎ সরবরাহ এবং ভোল্টেজের সমস্যা এড়ানোর লক্ষ্যে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে ত্রিপুরা সরকার। সুসংহত বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে সাব স্টেশনটি নির্মাণে ব্যয় হয়েছে ৭.০৯ কোটি টাকা। সাব স্টেশানটি নির্মাণের ফলে কুমারঘাট পুর এলাকা সহ আশপাশের কয়েকটি গ্রামের বিদ্যুৎ ভোক্তা উপকৃত হবেন বলে দাবি করেন তিনি।


তাঁর কথায়, করোনার উদ্ভুত পরিস্থিতির কারণে লকডাউন, করোনা কার্ফুর মধ্যেও আড়াই বছরের মধ্যে সাব স্টেশনটির নির্মাণ কাজ শেষ করার জন্য নির্মাণ সংস্থা সহ তার সাথে যুক্ত ইঞ্জিনিয়ার ও আধিকারিকদেরও অভিনন্দন জানাচ্ছি। তিনি বলেন, শহরের সাথে গ্রামেও মানুষের মধ্যে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এটা উন্নয়নেরই লক্ষণ। মানুষের কথা বিবেচনায় রেখে আমাদের সরকার উন্নতমানের ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্ব দিয়েছে।


তাঁর দাবি, বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সৌভাগ্য যোজনায় ১ লক্ষ ৩৬ হাজার বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে রাজ্যে ৯টি বিদ্যুৎ সাব স্টেশন উদ্বোধন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরও ৩৪টি সাব স্টেশনের উদ্বোধন করা হবে। সাথে তিনি যোগ করেন, বিদ্যুৎ পরিষেবায় স্মার্ট কল সেন্টার করা হয়েছে। নতুন নতুন টেকনোলজি নিয়ে আসা হয়েছে, মানুষের অভিযোগগুলো দ্রুত সুরাহা করতে দিনরাত কাজ করছে বিদ্যুৎ নিগম। উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর এক পয়সাও বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়নি। মানুষের প্রতি দায়বদ্ধতা ও ভালোবাসা থেকেই রাজ্যের সর্বত্র বিদ্যুৎ উন্নয়নে নতুন সরকার কাজ করছে বলেও দাবি করেন তিনি।


এদিকে, আজ ধর্মনগর শহরের পাওয়ার হাউসে ৩৩ কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধন করে উপ মুখ্যমন্ত্রী তথা বিদ্যুত মন্ত্রী বলেন, সকলের জন্যই বিদ্যুৎ অতি অত্যাবশ্যকীয়। বিদ্যুৎ পরিষেবাকে আরও নির্ভরযোগ্য করে তোলার প্রয়াস নেওয়া হয়েছে। বিদ্যুৎ পরিষেবাকে গুণমান সম্পন্ন এবং নিরবিচ্ছিন্ন করার লক্ষ্যে পরিকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে।
এদিন এই সাবস্টেশনে দু’টি আট এমভিএ ক্ষমতা সম্পন্ন পাওয়ার ট্রান্সফরমার চালু করেন তিনি। বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ পরিকাঠামোকে মজবুত করার লক্ষ্যে কাজ হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যের বিভিন্ন স্থানে চালু করা হচ্ছে বিদ্যুৎ সাব স্টেশন, উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার। তিনি বলেন, পরিকাঠামোগত উন্নয়ন করার জন্য এডিবি থেকে অর্থ নেওয়া হচ্ছে। সাথে তিনি যোগ করেন, বিদ্যুতের পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজগুলিও দ্রুততার সাথে বাস্তবায়ণ করা হচ্ছে বর্তমানে।