Virus infection : করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন আশা কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই।। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন আশা কর্মীরা। কিন্তু সাম্মানিক ভাতা প্রদানের ক্ষেত্রে দপ্তরের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। এরই প্রতিবাদে মঙ্গলবার ধলাই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আশা কর্মীরা।ধলাই জেলার কমলপুরের মরাছাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আশা কর্মীদের একটি প্রতিনিধি দল বকেয়া সাম্মানিক ভাতা সহ অন্যান্য দাবির ভিত্তিতে ধলাই জেলা স্বাস্থ্য আধিকারিকের নিকট একটি ডেপুটেশন প্রদান করে।

ডেপুটেশন প্রদান করার মূল কারণ অনিয়মিত মাসিক পারিশ্রমিক প্রদান করা হচ্ছে আশা কর্মীদের। অনিয়মিত অনুদান পাওয়া সত্ত্বেও কাজের কোন ঘাটতি রাখেনি আশা কর্মীরা। বেশ কয়েক মাস ধরে অনিয়মিত অনুদান দিচ্ছে আশা কর্মীদের। তাতে ক্ষুব্ধ আশা কর্মীরা। তাই মঙ্গলবার ডেপুটেশন প্রদানের উদ্যোগ গ্রহণ করেন মরা ছাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বে থাকা আশা কর্মীরা। এ বিষয় নিয়ে সিএমও চিতন দেব্বর্মাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান ইতিমধ্যেই তাদের সব বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে।

ব্যাংক ট্রানজেকশনে হয়তো কোন সমস্যা থাকায় তাদের বকেয়া এখনো পায়নি। এদিকে ডেপুটেশন প্রদানকারী আশা কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে তারা দীর্ঘদিন ধরেই তাদের সাম্মানিক ভাতা পাচ্ছেন না। অবিলম্বে তাদের দাবি উড়িয়ে দেওয়ার জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে তারা অনুরোধ জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে আশা কর্মীদের কাজ আরো অনেক বেশি বেড়ে গেছে। তাদের ওপর নতুন নতুন দায়িত্ব অর্পিত হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে তারা এসব দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছেন। কিন্তু তাদের সাম্মানিক ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলি মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন না বলে আশা কর্মীদের অভিযোগ।