পুলওয়ামা, ৬ জুন (হি.স.) : ফের রক্তাক্ত জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা । জম্মু কাশ্মীরের পুলওয়ামার ত্রাল এলাকায় বাসস্ট্যান্ডে সিআরপিএফের গাড়িতে সন্ত্রাসীরা গ্রেনেড নিক্ষেপ করায় কমপক্ষে সাতজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। জানা গেছে রবিবার সন্ধ্যায় বাস স্ট্যান্ডে নাকা চেকিংয়ের সময় জঙ্গিরা এই হামলা চালায়। গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
জম্মু পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, হাওয়ার মধ্যে গ্রেনেড ছোড়ার কারণে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ছয় থেকে সাত জন আহত হয়েছেন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। ওই মুহূর্তে ত্রালের বাস স্ট্যান্ডে সিআরপিএফ জওয়ানরা নাকা চেকিং করছিল। তাদের লক্ষ্য করেই মূলত ছোড়া হয়। তবে সমস্ত সিআরপিএফ জওয়ান নিরাপদ বলে জানা গেছে। অঞ্চলটি ঘেরাও করা হয়েছে এবং তল্লাশি চালানোর কাজ চলছে। গ্রেনেড হামলার পর ওই এলাকা থাকা দোকানপাট বন্ধ দেওয়া হয়েছে। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। চলছে তল্লাশি অভিযান।
এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাত জনের মধ্যে চারজনের অবস্থা স্থিতিশীল। দুইজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্প্রতি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে নিহত বিজেপি নেতা রাকেশ পণ্ডিতিয়া । দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার ত্রাল এলাকার বাসিন্দা ছিলেন এই বিজেপি কাউন্সিলর। গুলিকান্ডের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। এদিকে, উপত্যকায় ফের একবার জঙ্গি নাশকতার কড়া নিন্দা করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা।



















