দ্রুত বাড়ছে সক্রিয় রোগী, ভারতে ২১.৬২-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে ভারতে। বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ৪,৯২১ জন। করোনা-টেস্টের সংখ্যাও সমানে বাড়ছে দেশে। শেষ ২৪ ঘন্টায় ৭.৯৫-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২১.৬২-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। রবিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৭,৯৫,৭২৩টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২১,৬২,৩১,১০৬-এ পৌঁছে গিয়েছে।


আক্রান্তের সংখ্যা বাড়লেও, সুস্থতা স্বস্তি দিচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১১,৭১৮ জন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৭,০৫১ জনের মৃত্যু হয়েছে (১.৪২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৩ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৭,৭৫,১৬৯ জন (৯৭.১০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ৪,৯২১ বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ১,৬৪,৫১১ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১.৪৮ শতাংশ)।