রিও ডি জেনেইরো, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ব্রাজিলে করোনাভাইরাসের প্রকোপ থামছেই না। বাড়তে বাড়তে ব্রাজিলে ২.৫৪-লক্ষের বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে নতুন করে ১,৩৮৬ জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা ২ লক্ষ ৫৪ হাজার ২২১-এ পৌঁছেছে। সংক্রমণও থামছে না ব্রাজিলে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, শেষ ২৪ ঘন্টায় ব্রাজিলে ৬১,৬০২ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে মহামারীর শুরু থেকে এযাবৎ ব্রাজিলে ১০,৫১৭,২৩২ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
সমগ্র বিশ্বের মধ্যে আমেরিকার পরই ব্রাজিলে সবচেয়ে বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। আমেরিকা ও ব্রাজিলের পরই মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত। করোনাকে হারাতে ব্রাজিলে দ্রুততার সঙ্গে চলছে টিকাকরণ। শুক্রবার পর্যন্ত ব্রাজিলে ৬.৪ মিলিয়নের বেশি মানুষ কোভিড-১৯ টিকার প্রথম ডোজ নিয়েছেন। ১.৮ মিলিয়নের বেশি মানুষ টিকার দু’টি ডোজই নিয়েছেন।

