আগরতলা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ পাঁচ রাজ্যের নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার সাথে সাথেই রাজ্যগুলিতে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন শুরু করেছে৷ ত্রিপুরা থেকেও বিএসএফ জওয়ানরা নির্বাচনি নিরাপত্তার দায়িত্ব সামলাতে যাচ্ছেন৷
সূত্রের খবর, ত্রিপুরা থেকে প্রায় ১১ কোম্পানি বিএসএফ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দায়িত্বে থাকবেন৷ ইতিমধ্যে কয়েক কোম্পানি জওয়ান বহিঃরাজ্যে চলে গেছেন৷ সূত্রের দাবি, তাঁরা সকলেই তামিলনাড়ু নির্বাচনের দায়িত্বে নিয়োজিত হয়েছেন৷
অন্যান্য বছর ত্রিপুরা থেকে টিএসআর জওয়ানরা অন্য রাজ্যে নির্বাচনের দায়িত্ব সামলেছেন৷ ত্রিপুরা পুলিশ সূত্রের খবর, এ-বছর এখন পর্যন্ত তাঁদের পাঠানোর জন্য নির্বাচন কমিশনের তরফে কোনও বার্তা আসেনি৷ প্রসঙ্গত, নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব টিএসআর জওয়ানেরা অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছে৷

