মরুরাজ্য কাঁপল ভূমিকম্পে, বিকানের-এ ৪.৩ তীব্রতার কম্পাঙ্ক

জয়পুর, ১২ ফেব্রুয়ারি (হি.স.): ভূমিকম্পে কেঁপে উঠল মরুরাজ্য রাজস্থান। শুক্রবার সকালে ৪.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় রাজস্থানের বিকানের জেলায়, বিকানের থেকে ৪২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। সকাল ৮.০১ মিনিট নাগাদ হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। সাতসকালে বহু মানুষ মৃদু তীব্রতার ভূকম্পন টের পেয়েছেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার সকাল ৮.০১ মিনিট নাগাদ ৪.৩ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় রাজস্থানের বিকানের থেকে ৪২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ২৯০ কিলোমিটার গভীরে ছিল উপকেন্দ্র, ৩০.১০ অক্ষাংশ এবং ৬৯.৭০ দ্রাঘিমাংশ। মৃদু তীব্রতার ভূকম্পনে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।