ছাড়প্রাপ্ত টেট উত্তীর্ণ শিক্ষকদের কোর্স করানোর চেষ্টা সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারি৷৷ ছাড়প্রাপ্ত টেট উত্তীর্ণ শিক্ষকদের প্রফেশনাল কোর্স করানোর চেষ্টা করছে রাজ্য সরকার৷ সেজন্য তাদের নিযুক্তি দেওয়া হবে রাজ্যের বিভিন্ন ডায়েট কলেজের কাছাকাছি সুকলগুলিতে৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান৷


শিক্ষামন্ত্রী বলেন, কাছাকাছি সুকলগুলিতে নিযুক্তি দেওয়া হচ্ছে যাতে করে ওই শিক্ষকরা একাধারে সুকলে পঠন পাঠন দিতে পারে সাথে নিজেও যাতে ডায়েট কলেজ থেকে পাঠ নিতে পারেন৷ শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, শিক্ষা দপ্তরের তরফ থেকে টিআরবিটিকে বলা হয়েছে, টেট পরীক্ষা নেওয়ার জন্য৷ টিআরবিটি এই পরীক্ষার জন্য আবেদন গ্রহণের পরিকল্পনা নিয়েছে৷ আবেদন করার সময়সূচিও ঘোষণা করা হয়েছে৷ আগামী ৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে৷ তাছাড়া এসটিজিটি এবং এসটিপিজিটির জন্য পরীক্ষা নেবে টিআরবিটি৷ তার তারিখ যথাক্রমে ৪ এপ্রিল ও ১১ এপ্রিল৷