নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ ফেব্রুয়ারি৷৷ আজ বিকাল আনুমানিক সাড়ে তিন টায় রেলের ধাক্কায় অকালে মৃত্যু হলো এক নিষ্পাপ শিশুর৷৷ খবরে প্রকাশ বুধবার বিকাল সাড়ে তিনটা নাগাদ উদয়পুর থেকে আগরতলা গামী একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো বৃষ্টি পাল নামে বছর সাড়ে পাঁচেকের কন্যা সন্তানের৷ বৃষ্টির পিতার নাম রাখাল পাল৷ খবরে প্রকাশ ছোট্ট শিশু বৃষ্টি অন্যান্য শিশুদের সাথে রেললাইনে ট্র্যাকে খেলা করছিলো৷ এমন সময় উদয়পুর থেকে আগরতলা গামী রেলগাড়িটি দ্রুতগতিতে আসতে থাকলে বৃষ্টি হতভম্ব হয়ে পড়ে৷
খেলার সঙ্গী অন্যান্য শিশুরা রেললাইন থেকে দূরে চলে যেতে সক্ষম হলেও ছোট্ট শিশু বৃষ্টি যেতে ট্র্যাক পার হতে পারেনি৷ দ্রুতগামী রেলের ধাক্কায় সাথে সাথেই ট্র্যাকের পাশে ছিটকে পড়ে মৃত্যু হয় বৃষ্টির৷ এলাকা বাসির ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাগমা পুলিশ ফাঁড়ি থানার ওসি খোকন সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তেপানিয়া গোমতি জেলা হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হয়৷ আগামী কাল ময়না তদন্ত শেষে বৃষ্টির নিথর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷ ট্রেনের নিচে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় গোটা বাগমা বগাবাসা সহ উদয়পুরে শোকের ছায়া নেমে এসেছে৷ অভিভাবক মহল আরেকটু সচেতন হলে বৃষ্টির মতো কচিকাঁকলিরা এভাবে অকালে ঝরে যেতো না বলে বুদ্ধিজীবী মহল মত পোষণ করেন৷

