এডিসি ভোটের মুখে টাকারজলায় পুলিশের জালে আটক তিন জঙ্গী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ এডিসি নির্বাচনের প্রাক কালে জঙ্গী তৎপরতা ঘিরে জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে৷ পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে৷ রবিবার টাকারজলা থানার পুলিশ তিন জঙ্গী সহযোগিকে আটক করেছে৷ তাদের কাছে থেকে কিছু টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে৷ একটি গাড়িতে করে তারা টাকা নিয়ে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে৷


সংবাদে প্রকাশ, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে টাকারজলা এলাকায় একটি দামি গাড়িতে করে তিন জঙ্গী যাতায়াত করছে৷ পুলিশ সেই মোতাবেক উঁৎ পেতে থাকে৷ টাকারজলা এলাকায় একটি গাড়ি সন্দেহজনক ভাবে ঘোরফেরা করতে দেখে পুলিশ তৎপরতার সাথে গাড়িটি আটক করে৷ গাড়িতে থাকা তিনজনকে জেরা করে তাদের কথাবার্তায় অসংলগ্ণতা পেয়ে থানায় নিয়ে যায়৷ তাদের কাছ থেকে কিছু টাকা বাজেয়াপ্ত করা হয়৷

ধৃতরা হল রাজু দেববর্মা, রথীন্দ্র দেববর্মা এবং প্রসেনজিৎ দেববর্মা৷ রাতে তাদেরকে টাকারজলা থাকা থেকে বিশালগড় থানায় নিয়ে যাওয়া হয়৷ তিন জঙ্গী আটক করার খবর ছড়িয়ে পড়তেই টাকারজলা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে কোন ধরনের অস্ত্রশস্ত্র পাওয়া যায়নি৷ একটি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজন আত্মসমর্পণকারী৷ প্রশ্ণ উঠেছে তারা কেন টাকা নিয়ে টাকারজলায় গিয়েছিল৷ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে৷