নয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি. স.) : দেশের করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। পরপর দু’দিন দেশে করোনায় কমেছে মৃত্যুর হার। রবিবার করোনার কবলে মৃত্যু হয়েছে মাত্র ৭৮ জনের। তবে, এদিন সুস্থতার সংখ্যাটা অনেকটা কম হওয়ায়, দেশে অ্যাকটিভ কেস খানিকটা বেড়েছে।
চলতি মাসের শুরু থেকেই করোনার দৈনিক আক্রান্তের সংখ্যাটা কমবেশি ১২-১৩ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। এদিন শনিবারের থেকে খানিকটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লক্ষ ২৬ হাজার ৩৬৩ জন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ৯৯৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে মাত্র ৭৮ জনের। এই সংখ্যাটা কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন।গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১১ হাজার ৮০৫ জন। আপাতত দেশে মোট অ্যাকটিভ কেস ১ লক্ষ ৫৪ হাজার ৯৯৬ জন। এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৫ লক্ষ ২২ হাজার ৬০১ জন।

