নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে৷ দল নির্বাচনের রণকৌশন তৈরি করতে শুরু করেছে৷ জেলা পরিষদ এলাকায় ইতিমধ্যেই আঞ্চলিক দলগুলির জনমত গঠন ও প্রচার শুরু করেছে৷ সোমবার আগরতলা প্রেসক্লাবে আইএনপিটি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷
পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জগদিশ দেববর্মা জানিয়েছেন জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷বৈঠকে আইএনটিটিইউসি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান , যুব, মহিলা এবং কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ৷ বৈঠকে আসন্ন ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের রণকৌশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়৷ বৈঠক সম্পর্কে জানতে চাওয়া হলে আইএনপিটি সম্পাদক জগদিশ দেববর্মা জানান জেলা পরিষদ নির্বাচনে আইএনপিটি দল সব কটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ আতাত গঠন সম্পর্কে জানতে চাওয়া হলে সংগঠনের সাধারণ সম্পাদক জগদিশ দেববর্মা জানান আঞ্চলিক দলগুলির সঙ্গে ইতিমধ্যে তারা আলোচনা শুরু করেছে৷
জাতীয় দলের সঙ্গে আতাত গঠন প্রসঙ্গে জানতে চাওয়া হলে জগদীশবাবু বলেন তাদের জন্য দরজা খোলা রেখেছে আইএনপিটি দল৷ তিনি আরো বলেন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার আগ পর্যন্ত আঁতাত গঠন নিয়ে নানারকম আলোচনা হতে পারে৷ শেষ মুহূর্তে কি হবে তা এখনো চূড়ান্ত ভাবে বলা সম্ভব নয় বলে তিনি জানান৷ তবে ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনে আইএনপিটি দল কোমর বেঁধে ময়দানে নামবে বলে তিনি স্পষ্ট ভাবে বার্তা দিয়েছেন৷



















