চলতি বছরের ঈদে মুক্তি পাবে সলমনের রাধে

মুম্বই, ১৯ জানুয়ারি (হি. স.): সলমান খানের বহুপ্রতীক্ষিত ছবি রাধে মুক্তি পেতে চলেছে চলতি বছরের ঈদে। মঙ্গলবার এই ঘোষণা সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে করলেন সলমন খান নিজে।

উল্লেখ করা যেতে পারে আসমুদ্রহিমাচলে থাকা সলমনের অনুগামীরা এই ছবির জন্য দীর্ঘদিন অপেক্ষায় বসে ছিল। এদিন নিজেই বড় পর্দায় ছবির মুক্তির নির্ঘন্ট ঘোষণা করেন সলমন। পাশাপাশি সমস্ত প্রেক্ষাগৃহ মালিকদের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। ছবিটি মুক্তির দেরি হওয়ার জন্য এবং এই সংক্রান্ত কোন তথ্য আগে প্রেক্ষাগৃহ মালিকদের না জানানোর জন্য এই ক্ষমা চান বলিউডের ভাইজান। দেশজুড়ে করোনা সংকট পরিস্থিতির মধ্যে প্রেক্ষাগৃহ মালিকরা যে বিপুল আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছে তা আন্দাজ করেছেন সলমন।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, প্রেক্ষাগৃহ মালিকদের আর্থিক ভাবে সাহায্য করতেই ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। করোনা পরিস্থিতির মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দর্শকদের যাতে প্রবেশ করতে দেওয়া হয় সে বিষয়েও উল্লেখ করেন তিনি।

উল্লেখ করা যেতে পারে, যশ রাজ ফিল্মস প্রযোজিত রাধে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২০ সালের ঈদে। কিন্তু করোনা এসে তা বানচাল করে দিয়েছে। ছবিতে সলমন ছাড়াও থাকবে দিশা পাটানি, রণদীপ হুডা, জ্যাকি শ্রফ প্রমুখ।