নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি. স.): দিল্লির সীমান্তে বিক্ষোভরত কৃষকদের প্রতি কেন্দ্রীয় সরকারের মনোভাব নিয়ে উষ্মা প্রকাশ করল সর্বভারতীয় কিষাণ সভা। রবিবার সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা দিল্লিতে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কোনরকম বিকল্প পথ না রেখেই কৃষক আন্দোলনকে নষ্ট করে দিতে চাইছে কেন্দ্র। কয়েক মাসে তীব্র দুর্ভোগের মধ্যে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছে কৃষকরা। মৃত্যুও হয়েছে একাধিক কৃষকের।
কিন্তু সরকার তারিখের পর তারিখ করে বিষয়টাকে ঝুলিয়ে দিচ্ছে। কৃষক আন্দোলনকে যারাই সমর্থন করছে তাদের দেশবিরোধী আখ্যা দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। বিক্ষোভরত কৃষকদের প্রতি সরকারের মনোভাব কঠোর। পাশাপাশি হান্নান মোল্লা এও স্পষ্ট করে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে কমিটি করে দেওয়া হয়েছে তাঁকে পুনর্নির্মাণ এর প্রস্তাব করার কোন দায় তার সংগঠন নেবে না।

