নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ রাজ্যের এক অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সিপিআইএম রাজ্য কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে শনিবার৷ বিশেষ করে সম্প্রতিকালে আগরতলা কাছে খয়েরপুরে রাজনৈতিক সংর্ঘষের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে বামপন্থী ছাত্র যুবদের উপর হামলা, পার্টি অফিসে ভাঙচুর ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এদিনের বৈঠকে৷ তাছাড়া, আলোচনা হয়েছে কৃষি বিলের প্রত্যাহারের ইস্যুতে৷
রাজ্য সরকারের বেকার বঞ্চনা থেকে শুরু করে ১০৩২৩ কে নিয়ে কিভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করা যায় এ নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে৷ ১০৩২৩ এর চাকুরি নিয়ে তালবাহানার প্রতিবাদে সিপিআইএম খুব শীঘ্রই আন্দোলনের ঝাপে পড়বে বলে জানা গিয়েছে৷ আগরতলা পুর নিগম সহ বিভিন্ন নগর সংস্থা এবং এডিসি নির্বাচন ইস্যুতেও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে৷ জানা গিয়েছে, আগামী দিনে বিরোধীদল সিপিআইএম এই বিষয়গুলি নিয়ে জনসমর্থন আদায় করতে রাজ্যব্যাপী আন্দোলন সংগঠিত করবে৷

