পাচারকারী সন্দেহে বিএসএফের মারধরে গুরুতর আহত ছাত্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ সোনামুড়া মহকুমার বক্সনগর এর দক্ষিণপাড়ায় বিএসএফের মারধরে সপ্তম শ্রেণীর এক ছাত্র জখম হয়েছে৷ এছাড়া আরো দুজন গ্রামবাসী বিএসএফের হেনস্থার শিকার হয়েছেন৷পাচারকারী সন্দেহে অহেতুক সপ্তম শ্রেণীর ছাত্রকে মারধর এবং অপর দুজন গ্রামবাসীকে হেনস্থা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে বক্সনগর এর দক্ষিণ পাড়া এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷


ঘটনার খবর পেয়ে কলম চওড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ পুলিশের হস্তক্ষেপে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷কলাম চওড়া থানার পুলিশ স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে এ বিষয়ে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷স্থানীয় বাসিন্দারা বিএসএফ জওয়ানদের চিহ্ণিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি জানিয়েছেন৷অপর একটি সূত্রে জানা গেছে বক্সনগর এর দক্ষিণপাড়া সহ পার্শবর্তী এলাকা গুলি দিয়ে প্রায় আন্তর্জাতিক সীমান্ত পথে বিভিন্ন সামগ্রী ও অন্যান্য পণ্য সামগ্রী পাচার হচ্ছে৷ পাচার রোধে বিএসএফ জওয়ানরা টহল জোরদার করেছে৷

এলাকার সপ্তম শ্রেণীর ছাত্র এবং দুই নাগরিককে হেনস্থ করার ঘটনার পর এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করল বিএসএফ অভিযোগ করেছে পাচারকারীরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করছিল৷সীমান্ত এলাকায় বসবাসকারী জনগণের পাল্টা অভিযোগ তারা পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে না পেরে এলাকায় বসবাসকারী শান্তিপ্রিয় সাধারণ মানুষের ওপর হামলা এবং হেনস্তা করে চলেছে৷এ ধরনের কার্যকলাপ অবিলম্বে বন্ধ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷