নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৬ অক্টোবর৷৷ জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশীদের সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত এক ব্যক্তি৷ জামিন অযোগ্য ধারায় মামলা হল বিলোনীয়ার কৃষ্ণনগর কান্ডে বিজেপি বুথ সভাপতি ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে৷ যেকোন সময় গ্রেপ্তার হতে পারে দুই ভাই৷ অভিযুক্ত বুথ সভাপতির নাম সুনীল মহাজন এবং তার ভাইয়ের নাম মরণ মহাজন৷
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে শাসক দলের বাহুবলি বুথ সভাপতি ও তার বড় ভাই এলাকার সৌম্য মহাজন নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার ধারালো দা দিয়ে এলাকার গ্রামপ্রধান কান্তির মল্লর সামনে বেধরক কোপায়৷ এলাকার কৃষ্ণ দাস নামে এক ব্যক্তি সৌম্য মহাজনের চিৎকার শুনে এগিয়ে আসায় কোনক্রমে সৌম্য মহাজন সুনীল ও মরণের হাত থেকে রক্ষা পায়৷ শুক্রবার প্রথমে আহত সৌম্য মহাজনকে ঋষ্যমুখ হাসপাতালে ও পরে বিলোনীয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনা নিয়ে শুক্রবার বিলোনীয়া থানার পুলিশ বুথ সভাপতি সুনীল ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়৷ ভারতীয় দন্ডবিধির ৩২৬/৩৪ ধারায় মামলা হয়৷ মামলার নম্বর ১৯৩/২০২০৷ ঋষ্যমুখ ফাঁড়ির ওসি সঞ্জয় দাস মামলার তদন্ত করছে৷ সূত্রে খবর যেকোন সময় গ্রেপ্তার হতে পারে বুথ সভাপতি ও তার ভাই৷ বর্তমানে তারা পলাতক৷

