ঘনিয়ামারায় পথ দুর্ঘটনা নিহত এক, আহত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৫ আগস্ট৷৷ বাইকের পেছনে গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ আরও দুজন গুরুতর আহত হয়েছেন৷ সিপাহিজলা জেলার বিশালগড়ের ঘনিয়ামারা এলাকায় একটি বাইকে অপর একটি গাড়ির ধাক্কায় ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ মৃত যুবকের নাম রুবেল মিয়াঁ৷ আহত দুজনকে বিশালগড় হাসপাতালে ভরতি করা হয়েছে৷


প্রত্যাক্ষদর্শীদের বিবরণে জানা গেছে, তিন বন্ধু মিলে একটি বাইকে করে যাচ্ছিল৷ পেছন থেকে একটি গাড়ি দ্রুতবেগে এসে বাইকে ধাক্কা দেয়৷ তাতে বাইক নিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রুবেল মিয়াঁ৷ অপর দুজন গুরুতর ভাবে আহত হন৷ ঘটনার পরপরই স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷


এদিকে দুর্ঘটনায় মৃত যুবকের মৃতদেহ বিশালগড় থানার পুলিশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর খবরে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ জানা গেছে, বাইক এবং গাড়ি দুটি দ্রুতবেগে ছিল৷ নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷