আগরতলা, ২২ আগস্ট (হি.স.)৷৷ শান্তিনিকেতনের ধাঁচে পাঠদান চলছে ত্রিপুরায়৷ নেইবারহুড ক্লাসের সাফল্য নিয়ে এভাবেই সুর বাঁধলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ আজ শনিবার তিনি নেইবারহুড ক্লাস সরেজমিনে ঘুরে দেখেছেন৷ তাতে তিনি নিশ্চিত, ছাত্রছাত্রীরা ভীষণ খুশি৷ কেননা দীর্ঘদিন বাড়িতে আবদ্ধ থাকার পর এখন প্রাণ খুলে শ্বাস নিতে পারছে তারা৷ তাঁর কথায়, নেইবারহুড ক্লাস শুরু হওয়ায় ছেলেমেয়েরা ভীষণ খুশি৷ বাড়িতে থেকে তারা মানসিক অবসাদে ভুগছিল৷ এখন শিক্ষক-শিক্ষিকাদের কাছে পেয়ে অনেক কিছুই শিখতে পারছে৷ কারণ, তারা অনলাইনে সঠিকভাবে পড়তে পারছিল না৷
এদিন তিনি বলেন, ত্রিপুরায় শান্তিনিকেতনের আদলে পাঠদান দেওয়া হচ্ছে৷ তাই সরেজমিনে দেখতে এসেছি৷ আগরতলার হ্যারিটেজ পার্কে ছেলেমেয়েদের পড়াশুনা করতে দেখে শিক্ষামন্ত্রী বলেন, ১ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রী গতকাল নেইবারহুড ক্লাসে যোগ দিয়েছিল৷ ২৮ হাজার গ্রুপে ছাত্রছাত্রীরা নেইবারহুড ক্লাসে যোগ দিয়েছিল৷ তাতে দারুণ সাড়া মিলেছে৷
মন্ত্রী জানান, তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্যক্রম কমানো হয়েছে৷ তিনি বলেন, বাংলা, ইংরেজি এবং এসএসটি বিষয়ে ৫০ শতাংশ এবং বিজ্ঞান, অঙ্ক এবং ইভিএস বিষয়ে ৪০ শতাংশ পাঠ্যক্রম কমানো হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৩০ শতাংশ পাঠ্যক্রম কমাবে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ৷

