আগরতলা, ২১ আগস্ট (হি. স.)৷৷ ত্রিপুরা সরকার ভােকাল ফর লােকাল নীতি অনুসরণ করে স্বনির্ভর পরিবার ও স্বনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে চাইছে৷ সেই লক্ষ্যে সমবায় সমিতিগুলির অগ্রণী ভূমিকা গ্রহণ করা প্রয়ােজন৷ রাজ্যের উৎপাদিত সামগ্রীর বাজারজাত করার ক্ষেত্রে সমবায় সমিতিগুলিকে এগিয়ে আসতে হবে৷ উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে-র সঙ্গে যুক্ত হলে সমবায় সমিতিগুলির অতিরিক্ত মুনাফা হবে৷ এজন্য সমবায় দফতরকে উদ্যোগী হওয়া প্রয়ােজন৷ আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে আয়ােজিত সমবায় দফতরের পর্যালােচনা সভায় এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
তিনি বলেন, সমবায় সমিতি গুলোর মধ্যে বাণিজ্যের মনােভাব সৃষ্টি হলে তাদের মধ্যে পেশাগত চিন্তাভাবনাও গড়ে উঠবে৷ গ্রামীণ উৎপাদিত সামগ্রী শহর এলাকায় এলে শহর যেমন উপকৃত হবে তেমনি গ্রামীণ এলাকার মানুষেরও অর্থনৈতিক অগ্রগতি ঘটবে৷ বাঁশের তৈরি বােতল, ধুপকাঠির শলা, ফুলঝাড়ু প্রভৃতি সামগ্রীর বাণিজ্যিকীকরণে সমবায় সমিতিগুলি যাতে যুক্ত হয় সেদিকে লক্ষ্য রেখে সমবায় দফতরকে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি৷
মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার গ্রামীণ অর্থনীতির বিকাশে সমবায় সমিতিগুলিকে মিশ্র পদ্ধতি অনুসরণ করে বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে হবে৷ রােজগারের জন্য সহজতর ক্ষেত্রের যেসব বাজার রয়েছে সেগুলি চিহ্ণিত করে প্রয়ােজনীয় পরিকল্পনা গ্রহণ করে বিনিয়ােগে এগিয়ে আসতে হবে৷ তাঁর দাবি, রাজ্যে উৎপাদিত গুলমরিচ প্রক্রিয়াকরণের মাধ্যমে বাজারজাতকরণের উদ্যোগ নিতে হবে৷ তাতে চাষিরা অধিক লাভবান হবেন৷ তিনি বলেন, প্রতিটি সমবায় সমিতিকে নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের বিভিন্ন কাজকর্মের পর্যালােচনা করা প্রয়ােজন৷ লাভজনক সমবায় সমিতিগুলির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অন্য সমবায়গুলি যাতে এগিয়ে যেতে পারে সেদিকে নজর দিতে হবে৷ সমবায় সমিতিগুলির বিভিন্ন কাজের পদ্ধতিসমূহ অনলাইনে নিয়ে আসতে হবে৷
তিনি বলেন, সুপারি গাছের খােল প্রক্রিয়াকরণের মাধ্যমে থালাবাটি তৈরি করা যায়৷ এর আন্তর্জাতিক বাজার যেমন রয়েছে তেমনি পরিবেশ বান্ধবও৷ এই সমস্ত গৃহস্থালী সামগ্রীর ব্যবহারে সমবায় দফতরকে উদ্যোগী হতে তিনি পরামর্শ দেন৷ তিনি আরও বলেন, গােমতী কো-অপারেটিভ মিল্ক প্রােডিউসার্স ইউনিয়ন লিমিটেডে বিভিন্ন দুগ্দ জাতীয় দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে গুণগত দিক বজায় রাখতে হবে৷ রাজ্যের সুস্বাদু কুইন আনারস ব্যবহার করে বিভিন্ন উৎপাদিত দ্রব্যের প্রচারে আরও গুরুত্ব দিতে হবে৷ পাশাপাশি গােমতী কো-অপারেটিভ মিল্ক প্রােডিউসার্স ইউনিয়ন লিমিটেডে দেশের প্রতিষ্ঠিত ডেয়ারী সংস্থার বিশেষজ্ঞ নিযুক্ত করে তাদের পরামর্শ নেওয়ার উপর গুরুত্ব আরােপ করেছেন মুখ্যমন্ত্রী৷

