আগরতলা, ১২ আগস্ট (হি.স.) : তদন্তকার্যে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কার পাচ্ছেন ত্রিপুরা পুলিশের আন-আর্মড ব্রাঞ্চ-এর সাব-ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দেববর্মা। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় এই তথ্য তুলে ধরে ওই পুলিশ আধিকারিককে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে, উত্তর-পূর্বাঞ্চলে ত্রিপুরা ছাড়া অরুণাচল প্রদেশ, মেঘালয় এবং অসম থেকে একজন করে পুলিশ আধিকারিক পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালে ‘তদন্ত কার্যে শ্রেষ্ঠত্বের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদক-এ ১২১ জন পুলিশ কর্মীকে পুরস্কৃত করা হবে। বিভিন্ন অপরাধজনিত ঘটনার তদন্ত কাজে পেশাদারিত্বকে উৎসাহ দিতে এবং তদন্তকারী আধিকারিকদের তদন্ত কাজের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দিতে ২০১৮ সালে এই পদক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বছর সিবিআই থেকে ১৫ জন, মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্র পুলিশ থেকে ১০ জন, উত্তরপ্রদেশ পুলিশের ৮ জন, কেরালা ও পশ্চিমবঙ্গ পুলিশের ৭ জন সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের আধিকারিকদের পুরস্কৃত করা হবে। পুরস্কৃতদের তালিকায় ২১ জন মহিলা আধিকারিকও রয়েছেন।

