থানে, ১২ আগস্ট (হি. স.): গুজরাট এবং অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া স্মৃতি উস্কে দিয়ে রাতের অন্ধকারে মহারাষ্ট্রের থানের হাসপাতালে আগুন। মঙ্গলবার রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ মহারাষ্ট্রের থানেতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।জানা গিয়েছে করোনা রোগীদের এই হাসপাতালে চিকিৎসা করা হয়। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত না হলেও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দমকলের তরফ থেকে জানা গিয়েছে মঙ্গলবার রাত ১১ টা ৩০ মিনিট নাগাদ হাসপাতালের তিন তলায় থাকা ওষুধের দোকানে আগুন লাগে। হাসপাতালে ভেতর থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বেরোতে দেখে স্থানীয়রা ছুটে আসে। খবর দেওয়া হয় দমকলে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল।
শুরু হয় আগুন নেভানোর কাজ। হাসপাতালের আইসিইউতে থাকা রোগীদের নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। থানে পৌরসভার বিপর্যয় মোকাবিলা সেলের আধিকারিক সন্তোষ কদম জানিয়েছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাসপাতালটির আইসিইউতে থাকা চারজন করোনা রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। উল্লেখ করা যেতে পারে সম্প্রতি গুজরাট এবং অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া করোনা হাসপাতলে আগুন লাগার কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের থানেতে সেই একই স্মৃতি ফিরে এলো।

