স্ত্রীর সাথে বিবাদের জেরে আত্মঘাতী স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পূর্ব থানাধীন যোগেন্দ্রনগর কাটাশেওলা এলাকায় এক যুবক আত্মহত্যা করেছে৷ আত্মঘাতী যুবকের নাম অভিজিৎ বর্ধন৷ পারিবারিক সূত্রে জানা গেছে মাত্র চার বছর আগে অভিজিতের বিয়ে হয়৷ বিয়ের কিছুদিন পর থেকেই স্ত্রীর সঙ্গে পারিবারিক বিবাদ চলছিল৷ কিছুদিন ধরে বিবাদ চরম আকার ধারণ করে৷


তাতে প্রচন্ড মানসিকভাবে ভেঙ্গে পড়ে অভিজিৎ৷ স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে আত্মঘাতী হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ মৃত অভিজিতের মা অভিযোগ করেছেন স্ত্রীর সঙ্গে বিবাদের জেরে তার পুত্র অবশেষে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে৷ ঘটনার খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ছুটে গিয়ে কাটা শেওলাএলাকা থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়৷ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ অভিজিৎ এর মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকাগ্রস্ত হয়ে পড়েছে৷স্থানীয় সূত্রে জানা গেছে অভিজিৎ বর্ধন নামে ওই যুবক এলাকায় একজন শান্তশিষ্ট মানুষ হিসেবেই পরিগণিত ছিল৷